স্বাস্থ্য সেবা তৃণমূলে পৌঁছাতে ১০১ শয্যার কমপ্লেক্স: তথ্য উপদেষ্টা
সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৮টি ছাড়া বাকি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।”
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সারা দেশে ৮টি উপজেলা ছাড়া বাকি সব ৩১ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে ৮টি উপজেলায় ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
তিনি বলেন, “৬ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের বৈঠকে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির সিদ্ধান্ত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় একটি উপজেলাকে মডেল করে প্রকল্পের কাজ শুরু হবে।”
উপদেষ্টা জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৭ জুন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে চিকিৎসকদের প্রশিক্ষণ হয়েছে। ঢাকার বাইরে ৭টি বিভাগ ও সব জেলায় এ প্রশিক্ষণ হবে।
ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু