ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘দেশে বৈধ নিবন্ধিত মোবাইল সংযোগ ৩২ কোটি ৮২ লাখ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৯ জুন ২০২৬   আপডেট: ১৯:৫৪, ৯ জুন ২০২৬
‘দেশে বৈধ নিবন্ধিত মোবাইল সংযোগ ৩২ কোটি ৮২ লাখ’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটরের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা জনসংখ্যার প্রায় দ্বিগুণে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন অপারেটর সেবা দিচ্ছে। এগুলো হলো, টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

মন্ত্রী আরো জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে এক হাজার তরুণকে আন্তর্জাতিক মানের তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে চাকরির সুযোগ তৈরি হবে।

ডাক বিভাগের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, “নাগরিকদের দ্রুত ও সহজ সেবা দিতে ‘আমার ডাক’ অ্যাপভিত্তিক একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। ঢাকা শহরে ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে স্থাপন করা হবে ‘স্মার্ট পোস্ট বক্স’। পুরো ডাকসেবা কার্যক্রমকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হবে।

এছাড়া ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিকস এবং সাইবার সিকিউরিটি বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। ৭০০ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও ৭০০ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে বলেও জানান মন্ত্রী।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়