ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ৯ পোলিং এজেন্টের

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ৯ পোলিং এজেন্টের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন ৯ পোলিং এজেন্ট। তাদের অধিকাংশই বামপন্থি প্রার্থীদের পোলিং এজেন্ট।

অনিয়ম খতিয়ে দেখতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই পোলিং এজেন্টরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, আপনি অবগত আছেন যে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের সময় অসংখ্য অনিয়ম প্রত্যক্ষ করেছেন প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টরা। এসব ঘটনার মধ্যে ভোটকেন্দ্রে ইতোমধ্যে পূরণ করা ব্যালট পেপারের উপস্থিতি, জাল ভোটারের উপস্থিতি, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য। নির্বাচনী কালি হিসেবে ভোটারদের আঙুলে যে কালি ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই অমোচনীয় ছিল না। এই কালি সামান্য ঘষাতেই উঠে যাচ্ছিল। এমনকি, নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস পাস ব্যবহারসহ নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন প্রভাবিত করেছে।

আরো বলা হয়েছে, ভোটার উপস্থিতির যে সংখ্যা নির্বাচন কমিশন উল্লেখ করছে, তা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দিয়ে থাকেন, তাহলে আধাবেলার পর ভোটকেন্দ্র কীভাবে ফাঁকা পড়েছিল, এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের তরফ থেকে পাওয়া যাচ্ছে।

অভিযোগপত্রে পোলিং এজেন্টরা বলেন, ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পর, ভোট গণনার সময়ও বহুবিধ অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন। ভোট গণনা শুরু করতে গড়িমসি, নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের অবৈধভাবে গণনার স্থলে অবস্থান, গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত ধোঁয়াশা, গণনার সময় পোলিং এজেন্টদের মেশিন থেকে দূরে রাখা আমাদের মনে নানান আশঙ্কার জন্ম দিয়েছে।

অভিযোগকারী পোলিং এজেন্টরা নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখার জন্য চারটি দাবি জানান ওই অভিযোগপত্রে। সেগুলো হলো: 

১। নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন।

১.১। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের প্রতি প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান।

২। অনতিবিলম্বে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা।

৩। ভোটার উপস্থিতির প্রকৃত তথ্য বের করার নিমিত্তে অংশগ্রহণকারী ভোটারদের তালিকা প্রকাশ।

৪। ভোট গণনার মেশিন ও প্রোগ্রাম কোন প্রতিষ্ঠানের কাছ থেকে, কী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কারা সংশ্লিষ্ট ছিল, তা স্পষ্ট করা।

এ সময় মেঘমল্লার বসুর এজেন্ট সামিরা রহমান ও জাহরা নাজিফা, জাবির আহমেদ রুবেলের এজেন্ট মুশফিকুর রহমান, মালিহা তাবাসসুম মিমের এজেন্ট রাজ ধর প্রীতম, শেখ আনিয়া ফাহমিনের এজেন্ট সামিহা হায়দার কথা, ইসরাত জাহান ইমুর এজেন্ট শাহানা মমিন রাইসা ও বৈশাখী সুলতানা রিথী এবং মো. মোস্তাকিমের এজেন্ট ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়