ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৪ বছরে রাইজিংবিডি: মানুষের জীবন আর সময়ের দলিল

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২৬ এপ্রিল ২০২৬  
১৪ বছরে রাইজিংবিডি: মানুষের জীবন আর সময়ের দলিল

রবিবার (২৬ এপ্রিল ২০২৬)। ক্যালেন্ডারের পাতায় দিনটি হয়তো অন্য দিনের মতোই কিন্তু একটি সংবাদঘরের ভেতরে এর আলাদা উষ্ণতা থাকে। বিকেলের দিকে হয়তো কাজের ফাঁকে কেউ একজন চা এনে রাখবে, ডেস্কের একপাশে রাখা হবে ছোট্ট কেক, আর কম্পিউটারের পর্দায় ঝলমল করতে থাকা ব্রেকিং নিউজের ভিড়ের মাঝেও একটু থেমে যাবে কথাবার্তা। এই থেমে যাওয়াটা উদযাপনের জন্য, আবার নিজেকে নতুন করে দেখার জন্যও।

রাইজিংবিডি ডটকম ১৪ বছরে পা রাখছে। এই উপলক্ষে এমন এক ঘরোয়া আয়োজন, যা বাহ্যিকভাবে ছোট হলেও ভেতরে বহন করে দীর্ঘ এক যাত্রার গল্প।

একটি অনলাইন সংবাদমাধ্যমের জন্ম মানে শুধু একটি ওয়েবসাইট চালু হওয়া নয়, এর ভেতরে থাকে সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার এক অদৃশ্য প্রতিযোগিতা। রাইজিংবিডির শুরুটাও ছিল এমনই স্বল্প পরিসর, সীমিত জনবল, কিন্তু বড় স্বপ্ন। তখনো দেশে ডিজিটাল সংবাদমাধ্যম পুরোপুরি শক্ত ভিত গড়ে তুলতে পারেনি। প্রিন্টের প্রভাব ছিল প্রবল, টেলিভিশন ছিল দ্রুততম মাধ্যম। সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। প্রতিদিনের প্রতিটি সংবাদ, প্রতিটি আপডেটের মাধ্যমে ধীরে ধীরে পাঠকের আস্থা অর্জন করতে হয়েছে। ভুলের সুযোগ কম, চাপ অনেক তবু থেমে থাকার সুযোগ ছিল না।

এই দীর্ঘ ১৪ বছরে সংবাদমাধ্যমের জগতে যে পরিবর্তন এসেছে, তা অভূতপূর্ব। একসময় ডেস্কে বসে লেখা কপি প্রকাশ হওয়ার আগে অনেক ধাপ পার হতো; এখন মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় পাঠকের হাতে। মোবাইল ফোনের স্ক্রিনে, সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে, লাইভ আপডেটের নোটিফিকেশনে সংবাদ যেন সব সময় পাঠকের সঙ্গে হাঁটে। এই দ্রুততার ভেতরেও নির্ভুলতা ধরে রাখা, যাচাই না করা তথ্যের ভিড়ে বিশ্বাসযোগ্য থাক এগুলোই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। রাইজিংবিডির যাত্রা তাই কেবল সময়ের সঙ্গে তাল মেলানো নয়, বরং সেই সময়কে বোঝারও একটি প্রচেষ্টা।

সংবাদঘরের ভেতরের গল্পগুলো সাধারণত বাইরে আসে না। একটি খবর প্রকাশের পেছনে কতটা দৌড়ঝাঁপ, কতটা যাচাই-বাছাই, কতটা মানসিক চাপ সেটা পাঠক দেখেন না। কোনো দুর্ঘটনার খবর কভার করতে গিয়ে রিপোর্টার হয়তো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার আপডেট দিতে গিয়ে ডেস্কে বসা সহকর্মীরা রাত জেগে কাজ করছেন। অনেক সময় ব্যক্তিগত ক্লান্তি, অসুবিধা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হয়। কারণ সংবাদ থেমে থাকে না, আর সংবাদকর্মীর কাজও থেমে থাকার সুযোগ পায় না।

এই ১৪ বছরে রাইজিংবিডির ভেতরে গড়ে উঠেছে এমনই এক কর্মসংস্কৃতি, যেখানে দায়িত্ববোধই মূল চালিকাশক্তি। নতুন যারা যুক্ত হয়েছেন, তারা দেখেছেন অভিজ্ঞদের কাজের ধরন; পুরোনোরা শিখেছেন নতুনদের কাছ থেকে প্রযুক্তির ব্যবহার। এভাবেই একটি সংবাদঘর সময়ের সঙ্গে নিজেকে বদলায়। কখনো হয়তো কোনো ভুল হয়েছে, কখনো সমালোচনার মুখে পড়তে হয়েছে কিন্তু সেসবই আবার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে উঠেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি তাই শুধু শুভেচ্ছা বিনিময়ের নয়, বরং ফিরে তাকানোরও সময়। গত এক বছরে কী করা হলো, কোন সংবাদ বেশি প্রভাব ফেলল, কোথায় আরো সতর্ক হওয়া প্রয়োজন এই প্রশ্নগুলো সামনে আসে। একই সঙ্গে আসে ভবিষ্যতের পরিকল্পনা। ডিজিটাল সাংবাদিকতা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে শুধু দ্রুত খবর দিলেই হয় না পাঠকের আস্থা ধরে রাখাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভুয়া খবরের বিস্তার, তথ্যের অতিরিক্ত চাপ, মনোযোগের সংকট-সবকিছুর ভেতর দিয়ে একটি সংবাদমাধ্যমকে নিজের অবস্থান ধরে রাখতে হয়।

এই বাস্তবতায় রাইজিংবিডির সামনে পথ যেমন উন্মুক্ত, তেমনি চ্যালেঞ্জে ভরপুর। নতুন প্রযুক্তি, মাল্টিমিডিয়া কনটেন্ট, ডেটা জার্নালিজম এসব ক্ষেত্র আরো বিস্তৃত হচ্ছে। পাঠকের চাহিদাও বদলাচ্ছে দ্রুত। তাই সামনে এগোতে হলে শুধু অভিজ্ঞতা নয়, প্রয়োজন নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি। একটি সংবাদমাধ্যম তখনই টিকে থাকে, যখন সে নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে আমরা কী করছি, কেন করছি, এবং আরো ভালোভাবে কীভাবে করা যায়।

এই ঘরোয়া আয়োজনের ভেতরে তাই থাকবে এক ধরনের নিরাভরণ আন্তরিকতা। এখানে বড় মঞ্চ নেই, জাঁকজমক নেই আছে সহকর্মীদের একসঙ্গে বসা, হয়তো হালকা হাসি-ঠাট্টা, আবার কোনো এক ফাঁকে পুরোনো দিনের স্মৃতি তুলে আনা। কেউ হয়তো বলবেন প্রথম দিনের কথা, কেউ হয়তো মনে করিয়ে দেবেন কোনো বড় কাভারেজের অভিজ্ঞতা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে একটি প্রতিষ্ঠানের ভেতরের শক্তিকে দৃশ্যমান করে।

একটি সংবাদমাধ্যমের শক্তি তার প্রযুক্তি বা অবকাঠামোয় নয় তার মানুষে। যারা প্রতিদিন শব্দের মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরেন, যারা তথ্যের ভিড়ে সত্য খুঁজে বের করার চেষ্টা করেন, যারা কখনো ক্লান্ত হলেও থেমে যাননা, তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে ওঠে একটি প্রতিষ্ঠান। রাইজিংবিডির ১৩ বছরের যাত্রায় সেই মানুষদের হাত ধরেই এগিয়েছে।

এই যাত্রা এখন আর কেবল শুরু নয়, আবার শেষও নয়। এটি এক চলমান পথ যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন অভিজ্ঞতা, নতুন গল্প অপেক্ষা করে থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি তাই একটি বিরতি, কিন্তু সেই বিরতির মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে শুরু করার শক্তি। সামনে আরো পথ, আরো দায়িত্ব, আরো প্রত্যাশা আর সেই পথেই হাঁটার প্রস্তুতি হয়তো শুরু হয়ে যাবে এই ছোট্ট ঘরোয়া আয়োজনের ভেতর থেকেই।

লেখক: জ্যেষ্ঠ প্রতিবেদক, রাইজিংবিডি ডটকম

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়