ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বা হওয়ায় কপাল পুড়ল কচির

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্তঃসত্ত্বা হওয়ায় কপাল পুড়ল কচির

কচি রানী মন্ডল (ডানে)

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ মহিলা কাবাডি দলের অন্যতম সেরা খেলোয়াড় কচি রানী মন্ডল। তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। তা সত্ত্বেও এশিয়ান গেমসে মহিলা কাবাডি দলে জায়গা পেয়েছেন!

তবে জায়গা এবার ফসকে গেছে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস হতেই কপাল পুড়েছে কচির। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

এর আগে  বিষয়টি গোপন রেখেছিলেন কচি রানী নিজেই। এ খবরটা জানতেন না দলের কোচ সুবিমল চন্দ্র, কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা এবং এশিয়াডগামী বাংলাদেশ দলের মেডিকেল কমিটির প্রধান প্রফেসর ডা. জাকির আহমেদ।

কিন্তু খরবটি মিডিয়ায় প্রকাশিত হলে অবাক হন ফেডারেশনের কর্মকর্তারা। আমলে নিয়েছেন বিষয়টি। তারা কচি রানী মন্ডলের পরিবর্তিত খেলোয়াড়ের নাম কোরিয়াতে পাঠানোর জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দ্বারস্থ হয়েছেন।

ইনচন এশিয়াডকে সামনে রেখে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মে মাসে শুরু হয় জাতীয় মহিলা কাবাডি দলের অনুশীলন ক্যাম্প। কোচ সুবিমল চন্দ্রের তত্ত্বাবধানে দলের ১২ জন খেলোয়াড় নিবিড় অনুশীলনে মগ্ন থাকেন।

এশিয়াডে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখাই তাদের লক্ষ্য। ক্যাম্পে প্রায় প্রতিদিনই গেছেন ফেডারেশনের কর্মকর্তারা। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ঠিক রয়েছে কিনা, তা দেখার দায়িত্বে ছিলেন চিকিৎসক প্রফেসর ডা. জাকির আহমেদ।


কিন্তু এতগুলো চোখকে ফাঁকি দিয়ে এতদিন অনুশীলন চালিয়ে গেছেন কচি রানী মন্ডল। তিনি আড়াই মাসের অন্তঃস্বত্বা হওয়ার বিষয়টি পুরোপুরিই চেপে গেছেন। অথচ এশিয়াডে খেলোয়াড় পরিবর্তনের সময়সীমা পার হয়েছে ৩১ আগষ্ট।

ক’দিন পরেই ঢাকা ছাড়ার কথা মহিলা কাবাডি দলের। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে কচি রানী অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে অবশ্য মিডিয়া কর্মীদের চাপে ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে মান্নান বলেন, ‘কচি রানী যে অন্তঃসত্ত্বা তা আমরা আগে জানতাম না। এ ব্যাপারে বিওএ’র শরণাপন্ন হয়েছি। তার বদলে অন্য কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা জানার জন্য।’

এ বিষয়ে ডা. জাকিরের ভাষ্য, ‘আমিও আজ (শনিবার) জানলাম। বিষয়টি ফেডারেশন কর্তৃপক্ষ স্বীকার করেছেন। সুতরাং কচি রানী ইনচন যেতে পারছে না।’
 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৪/নেছার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়