গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এম মঞ্জুরুল করিম রনিকে। আগামী ১৫ দিনের মধ্যে তাদেরকে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
রোববার (১১ জুন) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
শওকত হেসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং এম মঞ্জুরুল করিম রনি মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ. লীগ ১০টি আসনও পাবে না’
মঞ্জুরুল করিম রনি গাজীপুর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের ছেলে।
অপরদিকে, শওকত হোসেন সরকার কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
গাজীপুর মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ।
গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ২ জুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে রিটার্নিং অফিসার এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়নকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।