‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ. লীগ ১০টি আসনও পাবে না’
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ. লীগ ১০টি আসনও পাবে না। দেশের মানুষ নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ ব্যাপারে কোনো আপোষ হবে না।’
রোববার (১১ জুন) দুপুরে গাজীপুরে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান। ১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করিয়েছে। ১৮ সালের নির্বাচনে আগের রাতে সিল মেরে নিয়ে গেছে, আহা কি মজা। এবার ঘুঘুকে সেই কাজ করতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।’
তিনি বলেন, ‘আমরা যাদের সঙ্গে সংগ্রাম করছি তারা কিন্তু সাধারণ কেউ নয়, তারা দানব। আমাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েছে তারা। বাংলাদেশকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণকে সংগঠিত করে আমরা উত্তাল তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করবো। সেই আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগ করতে বাধ্য করবো। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে একটি সত্যিকারের পার্লামেন্ট গঠন করবো।’
তিনি আরও বলেন, ‘জয় আমাদের সুনিশ্চিত, দেখেন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবোল-তাবোল বলা শুরু করেছে। সকালে বলে এক কথা বিকেলে আবার অন্য কথা। কেউ বলে সংলাপ করবো, কেউ বলে সংলাপ করবো না। আরে তোমাদের সঙ্গে সংলাপ কে করবে। তোমাদের সংলাপ তো জানি, তোমরা মিথ্যা বলো আর জনগণের সাথে ছলনা করো। তাই, এবার আর কোনো ফাঁদে পা দেওয়া নয়, এবার লড়াই সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।’
রেজাউল/কেআই
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের