ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলটদের খোঁজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৯, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০০:২৯, ৪ এপ্রিল ২০২৬
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলটদের খোঁজ চলছে

ইরানের আকাশসীমায় ভূপাতিত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

সিবিএস নিউজকে তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন:

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূপাতিত বিমানটি কোন মডেলের?
ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানটির সুনির্দিষ্ট মডেল এখনো নিশ্চিত নয়। ফলে এতে কতজন পাইলট ছিলেন, তাও স্পষ্ট নয়।

যদি এটি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান হয়ে থাকে, তাহলে এতে সাধারণত একজন পাইলট থাকেন। আর যদি এফ-১৫ ঈগল হয়, তাহলে এতে একজন বা দুজন পাইলট থাকতে পারেন।

ইরান দাবি করছে, ভূপাতিত বিমানটি এফ-৩৫ মডেলের। তবে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন
বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং অ্যাক্সিওস-এর প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিমানটির মডেল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পাইলটদের ‘জীবিত’ আটক করতে ইরানের অগ্রাধিকার
ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর ইদোল্লাহ রাহমানি জানিয়েছেন, মার্কিন পাইলটদের ‘জীবিত’ আটক করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটদের জীবিত আটক বা হত্যা করতে পারলে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও পাইলটদের খুঁজে বের করার জন্য প্রায় ১০ বিলিয়ন ইরানি মুদ্রা (প্রায় ৫০ হাজার পাউন্ড) পুরস্কার ঘোষণা করেছেন।

উদ্ধার অভিযানে হেলিকপ্টার ভূপাতিতের দাবি
ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছে, নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অনুসন্ধান অভিযান চলমান
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, নিখোঁজ পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এখনো অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়