ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল, উঠছে ১৭ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:১৫, ২ এপ্রিল ২০২৬
একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল, উঠছে ১৭ প্রকল্প

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরো ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য তোলা হবে।

আরো পড়ুন:

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ উল্লেখযোগ্য। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্ব) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প উপস্থাপন করা হবে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে।

নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক নিবাস নির্মাণ এবং ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভারের সোনানিবাসে সৈনিকদের জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও আলোচনায় উঠবে।

সড়ক যোগাযোগ খাতে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প উপস্থাপন করা হবে। এছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পও রয়েছে।

পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য উপস্থাপন করা হবে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে।
 

ঢাকা/এমএসবি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়