ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৫৮, ১ এপ্রিল ২০২৬
আমির হামজাকে লিগ্যাল নোটিশ

ফাইল ফটো

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এ নোটিশ পাঠান।

আরো পড়ুন:

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি মুফতি আমির হামজা বিভিন্ন জনসভায় প্রকাশ্যে দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তিন দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। গত ২৭ মার্চ নোটিশ প্রদানকারীর মক্কেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন এ ধরনের অপরাধীদের পরিচয় গোপন করা সমীচীন নয়। কারণ রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই সমান অপরাধী। তাই যারা এ বিপুল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল, তাদের নাম প্রকাশ না করে এবং আইনের হাতে তুলে না দিয়ে তিনি মূলত অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল অপরাধ করছেন বলে নোটিশে অভিযোগ করা হয়।

এতে বলা হয়, আমির হামজা কেবল নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতেই ঘুষ গ্রহণ না করার বিষয়টি প্রচার করেছেন।

নোটিশে আরো বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়তা করে কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া অঙ্গীকার পালনে যথাযথ ভূমিকা রাখার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়