ইনজুরি জেনেও নেইমারকে নেওয়ার সিদ্ধান্তে অনড় আনচেলত্তি
বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে নেইমার। দীর্ঘদিনের চোট, ফিটনেস নিয়ে অনিশ্চয়তা এবং সাম্প্রতিক নতুন শারীরিক সমস্যার মধ্যেও তাকে দলে রেখেছেন কার্লো আনচেলত্তি। আর এখন ব্রাজিল কোচ স্পষ্ট জানিয়ে দিলেন- এই সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমারকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। এমনকি শুরুতেই যদি জানা থাকত যে তার চোটটি কেবল পায়ের পেশিতে ফোলা নয়, বরং দ্বিতীয় মাত্রার পেশির টান, তবুও সিদ্ধান্ত বদলাতেন না তিনি।
গত ১৭ মে থেকে ডান পায়ের পেছনের অংশের সমস্যায় মাঠের বাইরে রয়েছেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতেও আর মাঠে নামা হয়নি তার।
তবুও গত সপ্তাহে ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
প্রথমে তার ক্লাব সান্তোস জানায়, পায়ের পেশিতে ফোলাভাবের কারণে তিনি খেলতে পারছেন না এবং দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। তবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় ধরা পড়ে, তার পেশিতে দ্বিতীয় মাত্রার টান রয়েছে। ফলে আরও ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এই বিষয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি হাস্যরসের আশ্রয় নেন।
তিনি বলেন, “আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি গাড়ি হতেন।” এরপর যোগ করেন,
“যখন আমি দল নির্বাচন করেছি, তখন নেইমার ২৬ জনের মধ্যেই ছিল।”
আনচেলত্তি জানান, দল ঘোষণার পর নেইমারের চিকিৎসা পরিস্থিতির দায়িত্ব নেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
তবে তিনি এখনও বিশ্বাস করেন, বিশ্বকাপে নেইমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ব্রাজিল কোচের ভাষায়, “আমরা ভেবেছিলাম প্রথম ম্যাচেই সে প্রস্তুত থাকবে। যদি প্রথম ম্যাচে না-ও পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই প্রস্তুত থাকবে। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, “আমি কোনো পরিবর্তন করছি না। যে ২৬ জনকে নির্বাচন করেছি, তারাই বিশ্বকাপে খেলবে।”
নেইমারের সঙ্গে তার ভূমিকা নিয়েও কথা হয়েছে বলে জানান আনচেলত্তি। একইসঙ্গে তিনি বলেন, ব্রাজিলিয়ান তারকাটি দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৮ জুন হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। গ্রুপপর্বের শেষ ম্যাচ ২৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের আগে নেইমারের চোট অবশ্যই ব্রাজিলের জন্য উদ্বেগের কারণ। কিন্তু আনচেলত্তির কথায় স্পষ্ট- তিনি শুধু একজন খেলোয়াড়কে দেখছেন না, দেখছেন এমন এক ফুটবলারকে, যিনি ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা এখনও রাখেন।
তাই চোট থাকলেও নেইমারের প্রতি আস্থা হারাননি ব্রাজিল কোচ। বিশ্বকাপের মঞ্চে সেই আস্থার প্রতিদান দিতে পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
ঢাকা/আমিনুল