ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়ার আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৩১ মে ২০২৬  
জিয়ার আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে: আমিনুল হক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা এবং সেই আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে।

রবিবার (৩১ মে) রাজধানীর পল্লবীর চলন্তিকা মোড়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রূপনগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। কৃষি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি যে স্বপ্নের বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

তিনি বলেন, আমরা হয়তো তার শাসনামল সরাসরি দেখিনি, কিন্তু তার কর্ম ও অবদানের ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা আজও রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুসরণীয় হয়ে রয়েছে।

বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি এগিয়ে চলেছে। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব।

দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করলেই দায়িত্ব শেষ হয় না, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাও আমাদের কর্তব্য।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে নানা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মপরিকল্পনা তুলে ধরেছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/নজরুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়