ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাধবকুণ্ডে ঝরনার রূপে মুগ্ধ পর্যটকের ঢল

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৩১ মে ২০২৬  
মাধবকুণ্ডে ঝরনার রূপে মুগ্ধ পর্যটকের ঢল

বর্ষার আগমনী বার্তা আর পাহাড়ি ঢলে প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবকুণ্ড ঝরনা। ঈদের ছুটিতে প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করতে  মাধবকুণ্ডে আসছেন অনেকে। 

সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি পানির প্রবাহ বৃদ্ধির ফলে মাধবকুণ্ড ঝরনায় পানির ধারা আরও শক্তিশালী ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। পাহাড় বেয়ে সাদা ফেনার মতো পানির ধারা নিচে আছড়ে পড়ার দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করছে। ভেতরের দিকে যত এগোনো যায়, বুনো নির্জনতা ততই মধুর হয়ে বাজে। ঝোপঝাড়ে ঝিঁঝিঁপোকার দল তৈরি করছে শব্দের অভিনব তরঙ্গ। জলপ্রপাতের ভেজা পাথরে নিশ্চিন্তে আকড়ে ধরে আছে সবুজ ঘাস আর গুল্মলতা। চারপাশজুড়ে এখানে কেবলই প্রকৃতির একচ্ছত্র রাজত্ব। এই রাজ্যের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন পর্যটকেরা। সূত্র জানিয়েছে, এই ঈদের ছুটিতে দৈনিক প্রায় ৭ হাজার পর্যটক আসছেন মাধবকুণ্ড ঝরনা দেখতে। 

শনিবার (৩০ মে) সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে মাধবকুণ্ডের সৌন্দর্য অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ঝরনার গর্জন, চারপাশের সবুজ পাহাড় এবং শীতল পরিবেশ এক অনন্য অনুভূতির জন্ম দেয়।
কথা হয় চট্টগ্রাম থেকে আসা পর্যটক বিনোদ রায়ের সঙ্গে।  তিনি বলেন, ‘‘আমরা মাধবকুণ্ডের ঝরনার মায়াবি আর্কষণে ছুটে আসি। এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে।’’

ঢাকা থেকে আসা লাবণী আক্তার বলেন, ‘‘শহরের যান্ত্রিক জীবনের সাময়িক প্রশান্তির জন্য ছুটে আসলাম পাহাড় প্রকৃতির কাছে। খুবই ভালো লাগছে। প্রকৃতি রক্ষায় যেনো কর্তপক্ষের সু-নজর থাকে।’’

কথা হয় স্থানীয় পর্যটক জালাল আহমদ ও ফয়সল আহমদের সঙ্গে। তারা বলেন, ‘‘মাধবকুণ্ড এখন নতুন সাজে সেজেছে। আর সেই অপরূপ সৌন্দর্যের টানেই প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর পদচারণা।’’ 

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের আগমনে এলাকার হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও ক্ষুদ্রব্যবসায় নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছে ট্যুরিস্ট পুলিশ। 
এ দিকে মাধবকুণ্ড ইকোপার্ক টিকিট কাউন্টারের ম্যানেজার, ইকবাল আহমদ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 

ঢাকা/আজিজ//

সর্বশেষ

পাঠকপ্রিয়