কোরবানির জন্য রাখা গরুর জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কোরবানির জন্য প্রস্তুত একটি গরুর জিহ্বা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১ এপ্রিল) সকালে স্থানীয় পিডিবি বাজারে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়। এর আগে, মঙ্গলবার উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে গরু জবাই করা স্থানে কাটা জিহ্বা হাতে নিয়ে খামার মালিক আকরাম হোসেনকে আহাজারি করতে দেখা গেছে। সেই সময় বাজারে আসা লোকজনকে কাটা জিহ্বা দেখিয়ে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে গরুর খাবার দিয়ে খামারের পাশেই বাড়িতে যান আকরাম। রাত ৯টার দিকে লোডশেডিং হয়। সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ এলে তিনি খামারে গিয়ে দেখেন, খামারের সবচেয়ে বড় গরুটির মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশেই পড়ে ছিল গরুটির জিহ্বার কাটা অংশ। পরে রাতেই দুই লাখ টাকার গরু এক লাখ টাকায় বিক্রি করে দেন।
স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, “শত্রুতা থাকলে খামার মালিকের সঙ্গে থাকতে পারে। গরুর সঙ্গে কিসের শত্রুতা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।”
খামার মালিক আকরাম হোসেন, “আমার সঙ্গে কারো শত্রুতা নেই। আমি গরু পালন করে সংসার চালাই। প্রতি বছর কোরবানি ঈদে যারা কোরবানি দেন, তাদের কাছে সওয়াবের আশায় গরু বিক্রি করি। এবারো কোরবানির জন্য গরুগুলো প্রস্তুত করেছিলাম।”
আছিম পাটুলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, “কোরবানির জন্য প্রস্তুত করা একটি গরুর জিহ্বা কেটে ফেলার ঘটনাটি দুঃখজনক। খামারিদের গরু অনিরাপদ থাকলে আতঙ্ক সৃষ্টি হবে। খামারিদের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি না হয়, প্রশাসনকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।”
ঢাকা/মিলন/রাজীব
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের