রাহুলকে কেন ‘অসৎ’ বলেছিলেন রাজ
রাজ চক্রবর্তী, রাহুল
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা ২০০৮ সালে মুক্তি পায়। এতে রাহুলের বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা সরকার। এ সিনেমা পরিচালনা করেন রাজ চক্রবর্তী। কিন্তু এই নির্মাতা রাহুলকে ‘অসৎ’ বলে মন্তব্য করেছিলেন। রাজের এমন মন্তব্যে ভীষণ কষ্ট পেয়েছিলেন অভিনেতা। পরিচালক সুব্রত সেনের পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেন রাহুল; যা নতুন করে আলোচনায় উঠে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, বিষয়টি নিয়ে কী বলেছেন রাহুল—
রাহুল বলেন, “রাজের কথা আমাকে খুব ডিসটার্ব করেছে। একবার কাউকে কাস্ট করে নিলে, তাকে বিশ্বাস করতে হয়। রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল। কিন্তু নায়ক হিসেবে আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল। ও আরেকটু গুড লুকিং, আরও একটু ভালো কেউ, এসব হয়তো চাইছিল, আমি জানি না।”
সিনেমা মুক্তির দুই মাসের মধ্যে জনপ্রিয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন রাজ। এ তথ্য স্মরণ করে রাহুল বলেন, “এ সাক্ষাৎকারে রাজ বলেছিল, ‘রাহুলের মতো অসৎ ছেলে আর হয় না!’ রাজের এই সাক্ষাৎকারে খুবই এফেক্ট করেছিল আমার উপর। সেই নিউজ পেপার থেকেও পাল্টা আমাকে কখনও জিজ্ঞাসা করা হয়নি যে, রাহুল-প্রিয়াঙ্কা তোমাদেরকে নিয়ে রাজ যেটা বলল, তার কী কোনো জবাব তোমাদের কাছে আছে?”
রাজের সাক্ষাৎকার প্রকাশের পর, প্রত্যেকদিন বাড়ি থেকে বের হওয়ার সময় রাহুলের মনে হতো, সবাই জেনে গিয়েছে রাজ তার সম্পর্কে কী বলেছে! রাহুলের মতে—“বিষয়টি আমার উপর খুব এফেক্ট করেছিল। তখন তো আমার বয়স কম। ২৩ বছর। তখন আমি মিডিয়া নতুন দেখছি।”
এরপর সমস্যাটা মিটল না কেন? সঞ্চালক সুব্রতর এমন প্রশ্নের জবাবে রাহুল সোজা সাপ্টা বলেন, “আসলে রাজের সঙ্গে তেমন কোনো কমন গ্রাউন্ড নেই। রাজের সঙ্গে কথা বলার মতো বিষয় আমার কাছে নেই। কারণ রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে, সেগুলো আমি জানি না। আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড, রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সঙ্গে বসে বা তোমার সঙ্গে বসে (সুব্রত সেন) অনেক কথা বলতে পারব, তাই আমারও কখনও উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক।”
খানিকটা ব্যাখ্যা করে রাহুল ব্যানার্জি বলেন, “কারও সঙ্গে কথা বলা মিস করলে তো ফের কথা বলব। আসলে আমি ওর সঙ্গে কথা বলাটা মিসই করি না। ও যাচ্ছে তাই বলে। আসলে আজকে রাজের সঙ্গে কথা না হওয়াটা খুব একটা মিস করি বা রাজের সঙ্গে কাজ না করাটাও যে আমি খুব একটা মিস করি। তা নয়। দিব্যি চলে যাচ্ছে। আজকে আমি অন্য কিছু করে কী করতাম? কী একস্ট্রা হতো? আমি তো, এমএলএ, এমপি হওয়ার লোক নই। এমএলএ এমপি নাই হলাম।”
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা সুপারহিট হওয়ার পর রাজ চক্রবর্তী তার পরের সিনেমায় কাস্ট করতে চেয়েছিলেন রাহুলকে। রাহুল রাজি হলেও, পরে রাহুল বাদ পড়েন। অন্যদিকে, প্রিয়াঙ্কারও সেই সিনেমায় থাকার কথা ছিল। শোনা যায়, রাহুল বাদ পড়ার খবর শুনে সিনেমাটি থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা। রাজের সেই সিনেমায় রাহুল-প্রিয়াঙ্কার পরিবর্তে নতুন একটি জুটি অভিনয় করেন। মুক্তির পর সেই সিনেমাও সুপারহিট হয়। সিনেমা থেকে সেই বাদ পড়ার আক্ষেপও ছিল রাহুলের মনে। তবে এ নিয়ে কখনো স্পষ্ট করে কেউ কিছু বলেননি।
ঢাকা/শান্ত
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’