ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরিয়াহভিত্তিক সেবা চালু করবে ইউনাইটেড ফাইন্যান্স, এজিএম আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৩১ মার্চ ২০২৬  
শরিয়াহভিত্তিক সেবা চালু করবে ইউনাইটেড ফাইন্যান্স, এজিএম আহ্বান

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানিটির ইজিএম আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। তবে ইজিএমের পদ্ধতি ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গত ৮ মার্চ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) দেয়। তবে এই অনুমোদনের সঙ্গে কিছু শর্তও যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, এই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে তারা শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে। এর ফলে ইউনাইটেড ফাইন্যান্স ভবিষ্যতে একই প্রতিষ্ঠানের অধীনে প্রচলিত ও শরিয়াহভিত্তিক—দুই ধরনের আর্থিক সেবা দেওয়ার সুযোগ পাবে।

ঢাকা/এনটি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়