ময়মনসিংহে অটোরিকশা-লরির সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িযা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
খালিদ হাসান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সরোয়ার কাইয়ুম নামের একজন মারা যান। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে শিপা আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান।
ঢাকা/মিলন/রফিক
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’