ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন অ্যালবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আরও বেশি নিশ্চয়তা ও স্বচ্ছতা আশা করেন। খবর মিডল ইস্ট অনলাইনের।
ট্রাম্প যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন, সে বিষয়ে সোমবার (৩০ মার্চ) সাংবাদিকরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতামত জানতে চাইলে তিনি বলেন, “আমি এই যুদ্ধের উদ্দেশ্যগুলো কী সে সম্পর্কে আরও বেশি নিশ্চিত হতে চাই এবং আমি এই পরিস্থিতির একটি প্রশমন দেখতে চাই।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আকস্মিক হামলার ফলে শুরু হওয়া এই যুদ্ধ বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত কয়েক হাজারে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এটি জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাঘাত ঘটিয়েছে ও বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে।
সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দেশটির প্রতিরক্ষায় সহায়তা করার জন্য অস্ট্রেলিয়া যুদ্ধবিমান পাঠালেও, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রচেষ্টায় কোনো নৌবাহিনী বা যুদ্ধজাহাজ পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে।
ঢাকা/ফিরোজ
খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর