সংসদে ডা. শফিকুর রহমান
‘জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের কার্যক্রমে ন্যায় ও নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে তার ইতিবাচক প্রভাব রাষ্ট্রের সর্বস্তরে পড়বে।
রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে—এটাই প্রত্যাশা। ডেপুটি স্পিকারের চেয়ারকে তিনি ‘ইনসাফ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, এই আসন থেকে নিরপেক্ষতার বার্তা পাওয়া গেছে। ভবিষ্যতেও একইভাবে সব বিষয় বিবেচনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। সংসদ পরিচালনায় কোনো ত্রুটি হলে বিরোধী দল তা গঠনমূলকভাবে তুলে ধরে সহযোগিতা করবে।
এদিকে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য সংবিধানের ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার সংসদ ভবনে বিরোধী দলের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সংসদের চলমান অধিবেশনে বিরোধী দলের ভূমিকা এবং ভবিষ্যৎ সংসদীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা/এএএম//
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী