কক্সবাজারে মানবপাচার চক্রের হোতা ছৈয়দুল হক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ছৈয়দুল হক ওরফে লেইঙ্গাকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
ছৈয়দুল হক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার মৃত কবির আহমদের ছেলে।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার চৈয়দুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছৈয়দুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবপাচার সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে। উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে লোকজনকে মালয়েশিয়া পাঠানোর নামে জিম্মি করেন তিনি। জিম্মি করার পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন।
পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের পর মানবপাচার সংক্রান্ত বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/তারেকুর/বকুল