ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে প্রতিশ্রুতির আগে যাচাই করে নিন: মন্ত্রীকে স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৭ জুন ২০২৬  
সংসদে প্রতিশ্রুতির আগে যাচাই করে নিন: মন্ত্রীকে স্পিকার

সংসদে দেওয়া প্রতিশ্রুতি রাখতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি।

রবিবার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

অধিবেশনে ফ্লোর নিয়ে রুমিন ফারহানা মন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, পহেলা মে-র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়া হবে। এরপর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস পাইনি।

কারখানায় কবে নাগাদ গ্যাস মিলবে এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর চান তিনি।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, উনি একদিকে বিদ্যুৎ চাচ্ছেন, অন্যদিকে ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে অগ্রাধিকার দিতে হচ্ছে। এ কারণে ওখানে সংযোগ দেওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে কোনো ড্রিলিং হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ড্রিলিং শুরু করেছি। আশা করি গ্যাস পাব। গ্যাস পাওয়ার পর আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় সংযোগ দিতে পারব।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন পহেলা তারিখ থেকে গ্যাস যাবে। সেটি দেওয়া হয়নি। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, ড্রিলিংসহ অন্যান্য সব বিষয় ভালোভাবে স্টাডি করে তারপর দেবেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়