গাইবান্ধায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের মণ্ডলপাড়ার (চরপাড়া) বুরুঙ্গী বিলে ঘটনাটি ঘটে।
শনিবার (৬ জুন) দুপুরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও স্বধীন ব্যাপারী (২২)। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
স্থানীয় ও ভুক্তভোগী জানান, গাছাবাড়ী গ্রামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে তিনি মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে নিজের ঘর থেকে বের হন এবং প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। ঘরের বাহিরে আসলে তার মুখ চেপে ধরে বুরুঙ্গি বিলের নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রাতেই অভিযুক্তদের আটক করে একটি ঘরে আটকে রাখেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ও ভুক্তভোগী নারীকে হেফাজতে নেয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “রাতে ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর সকালে পুলিশ পাঠিয়ে তিন আসামিকে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর চাচা ফিরোজ কবির বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঢাকা/মাসুম/মাসুদ
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ