ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ জুন ২০২৬   আপডেট: ১৪:৫৬, ৬ জুন ২০২৬
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

হামলার শিকার সাংবাদিক

গাজীপুরের চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভেতরে স্টার নিউজের এক প্রতিবেদকের ওপর হামলা হয়েছে। গুরুতর আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকালে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার চিত্র ও যানবাহন পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় হোসাইন আলী বাবু নামে সাংবাদিকের ওপর হামলা হয়। আটক যুবকের নাম মোহাম্মদ জুয়েল বলে জানা গেছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

আরো পড়ুন:

সূত্রে জানায়, সংবাদ সংগ্রহ শেষে হোসাইন আলী বাবু গাজীপুর চৌরাস্তার পুলিশ বক্সে বসে অফিসিয়াল কাজ করছিলেন। এ সময় এক যুবক সেখানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। 

আহত সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকাল থেকে তিনি চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী কয়েক দফা এসে তার পরিচয় জানতে চাইলেও ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি। পরে পুলিশ বক্সে বসে কাজ করার সময় ওই যুবক কোনো ধরনের উসকানি ছাড়াই তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, “আমি এর আগে কখনো ওই ব্যক্তিকে দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় বা বিরোধও নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে। অনেক সময় সংবাদকর্মীরা এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অপরাধীরা বিরূপ প্রতিক্রিয়া দেখায়। হামলার পেছনে এমন কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

এদিকে, প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের কর্মরত সাংবাদিকরা। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে আটক ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন, তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়