ঝাড়-ফুঁকের নামে অচেতন করে ধর্ষণের অভিযোগ ইমামের বিরুদ্ধে
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঝাড়-ফুঁকের নামে এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তার মেয়ের দাম্পত্য সমস্যা দূর করার কথা বলে ইমাম আব্দুল হাদী (৫০) দীর্ঘদিন ধরে নিজেকে ধর্মীয় ব্যক্তিত্ব ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন উপায় বাতলে দেন। এ সময় চিকিৎসা ও ঝাড়-ফুঁকের কথা বলে তার কাছ থেকে ধাপে ধাপে মোট ৮১ হাজার টাকা গ্রহণ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ মার্চ সকালে ওই ইমামের ডাকে ভবানীপুর এলাকায় তার বাড়িতে যান ভুক্তভোগী নারী। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে ঝাড়-ফুঁকের অংশ হিসেবে একটি ওষুধসদৃশ বস্তু খেতে দেওয়া হয়। সেটি সেবনের পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন যে, তাকে ধর্ষণ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ধর্ষণের প্রতিবাদ জানালে তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়। এমনকি, মেয়ের সংসার ভেঙে দেওয়ার হুমকি এবং কালো জাদুর ভয় দেখানো হয়। এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে, অভিযোগ দায়েরের পর কয়েক দিন পেরিয়ে গেলেও তদন্ত কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হয়নি বলে দাবি করেছেন ওই নারী। একইসঙ্গে অভিযোগ তুলে নেওয়ার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কবিরাজি করছেন। বিভিন্ন অভিযোগ ও বিতর্কের জের ধরে একসময় তাকে স্থানীয় একটি মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে তিনি পাশের গ্রামের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ওই ইমামের পরিবারের সদস্যরা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, ব্যক্তিগত বিরোধের জের ধরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার বলেছেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঢাকা/রফিক সরকার/রফিক
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক