ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমাদের শত্রু চতুর্দিকে: দুদু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৫ জুন ২০২৬  
আমাদের শত্রু চতুর্দিকে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে।”

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শামসুজ্জামান দুদু বলেন, “জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ এই সরকারের সঙ্গে আছে। জনগণ এই সরকারের প্রধান তারেক রহমানের সঙ্গে আছে। তিনি আমার পাশে যিনি বসে আছেন, সুদীর্ঘকালের একটি লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু এই দলকে এই জায়গায় এনেছেন।”

তিনি বলেন, “প্রয়াত নেতাদের রাজনৈতিক জীবনে নানা ঘটনা থাকলেও পরবর্তীতে তাঁরা সংশোধনের মাধ্যমে দলের মূলধারায় ফিরে এসেছিলেন।”

তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরো বলেন, “দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি আজকের অবস্থানে এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা হয়েছে এবং জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমেই দল এগিয়ে গেছে।”

তিনি দাবি করেন, “জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক অগ্রযাত্রা গড়ে উঠেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় নানা প্রচারণা ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে দলকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “সেখানে দলের নেতাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ও অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে আরো সতর্ক থাকা প্রয়োজন।”

তিনি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ ও ষড়যন্ত্রকারীদের কার্যক্রম মোকাবিলায় দলীয় ঐক্য এবং সংগঠনের শক্তি বাড়াতে হবে। জনগণ এখনো বিএনপির সঙ্গে আছে এবং দলীয় নেতৃত্বের প্রতি তাদের আস্থা রয়েছে।”

শামসুজ্জামান দুদু বলেন, “প্রয়াত নেতা মাহবুবুল আলম তারার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।”

ঢাকা/নজরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়