নায়ক সোহমের বিরুদ্ধে মামলা
সোহম চক্রবর্তী
কয়েক দিন আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক, অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধের কলকাতার বালুরঘাট থানায় অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। এবার তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলেন কৌশিক কর্মকার নামে ব্যক্তি।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সোহমের প্রযোজনা সংস্থা সোহম এন্টারটেইনমেন্টে বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লাখ রুপি সোহমকে দিয়েছিলেন কৌশিক কর্মকার। কথা ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ সিনেমায় অভিনয় করবেন সোহম। এজন্যই মোটা অঙ্কের এই অর্থ তাকে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু সেই সিনেমা আর নির্মিত হয়নি। সোহমও অভিনয় করেননি। অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ কৌশিকের।
পুলিশের একটি সূত্র গণমাধ্যমটিকে জানান, ২০২২ সালে সোহম চক্রবর্তীর সংস্থায় আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হিসেবে এই অর্থ বিনিয়োগ করেন কৌশিক। তার অভিযোগ, লগ্নির চুক্তি অনুযায়ী সোহম কাজও করেননি এবং টাকাও ফেরত দেননি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, যে চুক্তি হয়েছিল সেখানেও সোহমের প্রতিষ্ঠানের বেশ কিছু ভুয়া নথিপত্র ব্যবহার করা হয়েছে। সোহমের যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সেটি চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নথিভুক্ত।
গত ১৯ মে, কৌশিকের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা এবং জালিয়াতিসহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে সোহমের সংস্থার কাছে নথিপত্র চাওয়া হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য সোহমকে সমন জারি করা হবে বলেও পুলিশের সূত্রটি জানিয়েছে।
এ বিষয়ে কথা বলতে সোহমের সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি। অভিনেতার ম্যানেজারের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমটিকে জানান, তিনি ছুটিতে আছেন। এই ধরনের কোনো ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত অবগত নন তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল তার আসন বদল করে। করিমপুর কেন্দ্র থেকে টিকিট পান টলিপাড়ার এই অভিনেতা। পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ঢাকা/শান্ত
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক