ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৫ জুন ২০২৬  
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী

পাবনায় বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: রাইজিংবিডি

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরো ২০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৫ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

শিল্পায়নের গুরুত্ব উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা দেন, “পাবনার বিসিকে (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) বর্তমান স্থানে কোনো জায়গা খালি নেই। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরো ২০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দ্রুততম সময়ের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “পাবনার এই অঞ্চলের মানুষের সাথে কৃষির একটি আত্মিক সম্পর্ক রয়েছে যা অনন্য। এজন্য লিচু সংরক্ষণের জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনে হিমাগার স্থাপন করা হবে। তবে পেঁয়াজ সংরক্ষণের মতো লিচুর পচন রোধ এবং ফলন বৃদ্ধিতে প্রয়োজনীয় গবেষণার জন্য লিচুর ক্ষেত্রেও সাশ্রয়ী এবং কার্যকর হোম গ্রোন সলিউশন বা ঘরোয়া সমাধান খুঁজে বের করার জন্য উদ্ভাবক ও কৃষকদের এগিয়ে আসতে হবে।”

দেশের খাদ্য উৎপাদনের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ৪ কোটি টন চাল উৎপাদন করে এবং পেঁয়াজ উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এছাড়া বছরে প্রায় ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হচ্ছে, তবে যথাযথ সংরক্ষণের অভাবে এর একটি অংশ নষ্ট হয়ে যায়।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক।

ঢাকা/শাহীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়