ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৫ জুন ২০২৬  
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেছেন, “বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে রয়েছে। সে কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।”

যোগদানকারীদের একজন বলেন, “দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে এ দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবো।”

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়