ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই স্বামী উধাও

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৪ জুন ২০২৬  
ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই স্বামী উধাও

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীর বাড়ি এলে স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল মিয়া ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করার সময় রাশিদা আক্তার সাথীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দুজন বিয়ে করে একসঙ্গে সংসার করছিলেন। 

রাশিদা আক্তার সাথী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী। তিনি বরিশালের গৌরনদী উপজেলার নোলছিড়া এলাকার মৃত নুর হোসেনের স্ত্রী। 

সাথীর অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময় দুলাল মিয়া তার কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও জানান, সম্প্রতি তিনি জানতে পারেন দুলাল মিয়ার আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। প্রায় এক মাস দুলালের কোনো খোঁজ না পেয়ে মঙ্গলবার (২ মে) সকালে তিনি ফুলবাড়ীতে স্বামীর বাড়ি আসেন। তাকে দেখতে পেয়ে দুলাল মিয়া বাড়ি থেকে পালিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

সাথী আক্তার বলেন, ‘‘দুলাল আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে  বিয়ে করেছে। আমি এখন চার মাসের অন্তঃসত্ত্বা। সকাল থেকে সারাদিন তার বাড়ির সামনে বসে আছি। কিন্তু দুলাল ও তার পরিবারের লোকজন আমাকে দেখে ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েছে। ফলে রাতে বাধ্য হয়ে ৯৯৯ নাম্বারে ফোন করেছি।’’ 

স্থানীয়রা জানান, দুলালের পরিবারের সদস্যরাও সাথীকে বাড়িতে প্রবেশ করতে দেননি। বিষয়টির সমাধান হওয়া উচিত। 

এ দিকে খবর পেয়ে রাত দেড়টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাথীকে স্থানীয় মানুষের উপস্থিতিতে একই এলাকার আমিনুল ইসলামের বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করে। 

অভিযোগের বিষয়ে জানতে দুলাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক ইয়াছিন আলী বলেন, দুলাল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। আমরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রেখেছি। গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার চূড়ান্ত সমাধান হয়নি। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।

ঢাকা/সৈকত//

সর্বশেষ

পাঠকপ্রিয়