অটোরিকশায় নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কা, নিহত ২
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের বাসন এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন এলাকায় যাত্রী ওঠা-নামার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সামনে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসের সামনের অংশে আটকে থাকা মরদেহ উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানিয়েছেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কভাবে যানবাহন চালানোর কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
ঢাকা/রফিক সরকার/রফিক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই