গাজীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল ব্যবসায়ীর মরদেহ
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত ব্যবসায়ী নাঈম
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, ব্যবসায়ী মাছের প্রজেক্ট দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরকুল গ্রামের শেখেরঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী নাঈম (২৭) বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। স্থানীয়ভাবে তিনি কাঁচামালের ব্যবসার পাশাপাশি মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২টার দিকে বাড়ির পাশে লিজ নেওয়া পুকুরে মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট হাতে বের হন নাঈম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে কল কেটে দেওয়া হয়, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরদিন সকাল থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন শেখেরঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, ছেলের কোনো শত্রুতা ছিল কিনা, তিনি নিশ্চিত নন। তবে এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে স্থানীয়দের মতে, শান্ত স্বভাবের নাঈমের এমন মৃত্যু এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/রফিক//
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই