ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরে গেলেন টেইট, যুক্ত হলেন তালহা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৪ জুন ২০২৬   আপডেট: ১৮:১৩, ৪ জুন ২০২৬
সরে গেলেন টেইট, যুক্ত হলেন তালহা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল পেস বোলিং কোচ শন টেইটের। কিন্তু হঠাৎ করেই সরে গেলেন তিনি। চুক্তি শেষ হওয়ার দেড় বছর আগে বাংলাদেশের চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেট কোচ।

গতকালই টেইট নিজের পদত্যাগের চিঠি বিসিবিকে পাঠিয়েছে। যেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার কথা বলেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

তবে শোনা যাচ্ছে, ভারতের রাজ্য দল বাংলার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত মাসে টেইট কলকাতায় কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েও এসেছেন। ৪৩ বছর বয়সী টেইট সাবেক ক্রিকেটার অরুণ লাল, ডেভাঙ্গ গান্ধি ও কল্যাণ চৌধুরীর কাছে সাক্ষাৎকার দিয়েছেন। পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন সৌরভ গাঙ্গুলি।

টেইট প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলা লক্ষ্ণী রতন শুক্লাকেই হেড কোচ হিসেবে রাখবে। টেইট সহকারী কোচ হবেন। সঙ্গে পেস বোলিং বিভাগও সামলাবেন। বাংলাদেশে টেইট ১৪ হাজার ডলার প্রতি মাসে বেতন পাচ্ছিলেন। বাংলাদেশি টাকায় যা ২ কোটি টাকার কাছাকাছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তালহা জুবায়ের। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।  

সাবেক নিউ জিল‌্যান্ড পেসার আন্দ্রে অ‌্যাডামসের কাজের ধরনে সন্তুষ্ট না হওয়ায় চুক্তির আগে তাকে বিদায় করে বাংলাদেশ। এরপর ২০২৫ সালের ১২ মে টেইটকে বিসিবি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেয়।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়