ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৪ জুন ২০২৬  
ফেনীতে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

নিহত ইকবাল হোসেন জিসান ও জিহানুল ইসলাম শাওন।

ফেনীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

আরো পড়ুন:

পুলিশ, নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে যান। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশে রওনা দেন তারা। পথে মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কের মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত শাওনের স্বজন এমরান পাটোয়ারী বলেন, শাওন কয়েকজন বন্ধুর সঙ্গে বুধবার (৩ জুন) রাতে গুলিয়াখালী বিচে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সে বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/সাহাব/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়