ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যানজটে ভোগান্তি
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন এলাকাবাসী।
কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমি বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৩০ মিনিটের অবরোধে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পরিবহনচালকরা ভোগান্তিতে পড়েন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে তারা সড়কের পাশে মানববন্ধন করেন। আন্দোলনকারীরা জানান, আলোচনা করে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, বিমানবন্দর সংলগ্ন এলাকার জমির মালিকানা, কর আদায় ও চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না আসায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের জমি জোরপূর্বক দখল করা হয়েছে এবং চলাচলের পথও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”
আরেক বাসিন্দা শাহাদাত বলেন, “ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন কর দেব আমরা সমস্যার স্থায়ী সমাধান চাই।”
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। আন্দোলনকারীরা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
ঢাকা/রুবেল/মাসুদ