ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
ফাইল ফটো
ঈদুল আজহায় আগে-পরে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় ১৩ দিনে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ৮৩৭ জন। গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সময়ের দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৩৪ জন নারী, ৪৮ জন শিশু এবং ৩৭ জন পথচারী রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সেখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকদের অদক্ষতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও সড়ক পরিবহন ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিবহন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রেল ও নৌপথের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একই সময়ে ১৩টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া, ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
সড়ক নিরাপত্তা জোরদারে প্রতিবেদনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে আরো কার্যকর করা, পরিবহন খাতের বিভিন্ন সংস্থার সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে।
ঢাকা/এমএসবি/ইভা