ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লালমনিরহাটে ব্রাজিল দলের সমর্থকদের আনন্দ মিছিল

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৪ জুন ২০২৬  
লালমনিরহাটে ব্রাজিল দলের সমর্থকদের আনন্দ মিছিল

কালীগঞ্জে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল করা হয়।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ তৈরি করে। 

আরো পড়ুন:

আগামী ১১ জুন থেকে ফিফা ওয়াল্ড কাপ ২০২৬ শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। এটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নেবে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। 

দুপুরের দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর থেকে ব্রাজিলের বিশালাকার জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। সমর্থকরা তুষভান্ডার খেলার মাঠে গিয়ে প্রথম দফায় উল্লাসে মেতে ওঠে। এরপর মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে মহিলা কলেজের সামনে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে এবং ছোট-বড় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক জনতা ভিড় করে। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। সম্পূর্ণ নিজেদের অর্থ ব্যয় করে দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও উপস্থিত ছিলেন স্থানীয় ব্রাজিল সমর্থক ধীমান, মারুফ, ফাহিম, তৌফিক, তকি, লাবিব এবং রিবুল ভুঁইয়া ইয়াসহ অনেকে। তারা সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।

ঢাকা/সিপন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়