ইরানকে লেবাননের প্রেসিডেন্ট
এটি আপনাদের দেশ নয়
ইরানের তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। শুক্রবার (৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের উদ্দেশে বলেছেন, “এটি আপনাদের দেশ নয়।”
লেবাননের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে তার যুদ্ধবিধ্বস্ত দেশটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছেন।
বৈরুতের রাষ্ট্রপতি ভবনে দেওয়া এক বিরল ও বিশেষ সাক্ষাৎকারে জোসেফ আউন বলেন, লেবাননের জনগণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে ‘বিরক্ত।’
হিজবুল্লাহ হলো ইরান সমর্থিত একটি শক্তিশালী জঙ্গি গোষ্ঠী ও রাজনৈতিক শক্তি, যাকে লেবাননে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসেবে দেখা হয়।
লেবাননের প্রেসিডেনন্ট সিএনএন-এর সঙ্গে এমন এক সময়ে কথা বলেন, যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং তার ছোট দেশটি আবারো ইরান ও ইসরায়েলের মধ্যকার অন্যতম গুরুতর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে।
ইরানের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের সাহায্য করার চেষ্টা করছেন না... লেবাননের জনগণ মূল্য দিচ্ছে... আপনাদের নিজেদের স্বার্থের জন্য। আমাদের স্বার্থ... আপনাদের স্বার্থের সঙ্গে মেলে না।”
তিনি ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দিকেও তোপ দেগে বলেন, “এটা আপনাদের দেশ নয়, এটা আমাদের দেশ।”
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবিতে রেভল্যুশনারি গার্ডসের বুধবারের এক বিবৃতি প্রত্যাখ্যান করেছেন আউন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তারা লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটা অগ্রহণযোগ্য।”
ইসরায়েল ও লেবানন বুধবার যুদ্ধবিরতি কার্যকর করতে একটি চুক্তিতে পৌঁছেছে, তবে এটি হিজবুল্লাহর গোলাবর্ষণ সম্পূর্ণ বন্ধ করা এবং দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সকল সদস্যের পূর্ণ প্রত্যাহারের ওপর নির্ভরশীল।
আউন বলেন, “একটি বড় অগ্রগতি না হওয়া পর্যন্ত আলোচনাটি কঠিন ছিল। এই চুক্তিটি একটি ন্যায্য ও স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার পথ হতে পারে।”
হিজবুল্লাহ, যারা এই চুক্তির অংশ ছিল না, বুধবার চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেছে যে এটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেয় না।
ঢাকা/শাহেদ
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক