সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই সাংবাদিকদের পাশে থেকেছে। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সাংবাদিকবান্ধব কর্মসূচি বর্তমান সরকারও গ্রহণ করছে। অতীতের মতো ভয়ভীতি বা চাপ প্রয়োগের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না।”
তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময়ে সংবাদ প্রকাশে নানা বাধা ও হস্তক্ষেপ করা হতো। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু বর্তমান সরকার সে পথে হাঁটছে না। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, গণমাধ্যম তার নিজস্ব গতিতে চলবে।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। তবে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য যেন প্রকাশ না হয়, সে দিকেও সতর্ক থাকতে হবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সহজেই ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা যাচ্ছে। এজন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আরো বেড়েছে।”
চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, “সম্পাদক পরিষদ তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছে। সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে গণমাধ্যম মালিকদেরও অনুরোধ করেছি, যেন সাংবাদিকদের বেতন বকেয়া না থাকে এবং সময়মতো বেতন পরিশোধ করা হয়।”
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। সমালোচনার মাধ্যমেই ভুলত্রুটি চিহ্নিত করা সম্ভব। তাই দেশ পরিচালনায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ বিভিন্ন গণমাধ্যম ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সাংবাদিকরা আবাসন সংকট, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং গণমাধ্যমের আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
ঢাকা/রেজাউল/সাইফ
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক