ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মাকে সাড়ে ৩ বছর পর খুঁজে পেলেন স্বজনরা 

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৪ জুন ২০২৬   আপডেট: ২২:৫২, ৪ জুন ২০২৬
কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মাকে সাড়ে ৩ বছর পর খুঁজে পেলেন স্বজনরা 

বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার মা ফজিলা খাতুন (৪৭) নিখোঁজ হওয়ার সাড়ে ৩ বছর পর পরিবারের কাছে ফিরে গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মানসিক ভারসাম্যহীন ফজিলা খাতুনকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। এ সময় ফজিলা বেগমের মা হাজেরা খাতুন, ভাই হারেজ আলী ও জুয়েল মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফজিলা খাতুনের স্বজনরা জানিয়েছেন, মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে শিশু ফাতেমার মৃত্যুর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে প্রকাশিত ছবি দেখে ফজিলা খাতুনকে শনাক্ত করেন তারা। পরে পরিবারের ৬ সদস্য বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন এবং বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান।

ফজিলা খাতুনের মা হাজেরা খাতুন বলেন, “২০২৩ সালের এপ্রিল মাসের কোনো একসময় ঝড় হয়। এর পরে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি ফজিলা। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। আমার মেয়েকে পেয়ে এখন অনেক ভালো লাগতেছে। নাতনিসহ তার সন্ধান পেলে আরো ভালো লাগত।”

ফজিলা খাতুনের ছোট ভাই মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “তিন বছরের বেশি সময় আগে আমার বোন হারিয়ে গিয়েছিল। আজ তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। তবে, ভাগ্নি ফাতেমার মৃত্যুর কথা মনে হলে খুব খারাপ লাগে।”

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেছেন, “ফজিলা বেগমের পরিবারের সদস্যরা সকালে আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এর পর সমাজসেবা বিভাগের কর্মকর্তা, বাগেরহাট সদর মডেল থানার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামলে সাত বছর বয়সী শিশু ফাতেমাকে আক্রমণ করে কুমির। পরে দিঘিতে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/আমিনুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়