যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাছুরের মধ্যে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামক এক পরজীবী মাছি পাওয়া গেছে। এই মাছির লার্ভা গবাদি পশু, পোষা প্রাণি এবং বন্যপ্রাণিসহ উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণিদের মাংস খেয়ে জীবনধারণ করে। এই ঘটনাটি পশুপালক এবং পশুচিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৪ জুন) সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, কয়েক দশকের মধ্যে এই প্রথম মার্কিন গবাদি পশুর মধ্যে এই পরজীবী মাছিটি শনাক্ত করা হলো। এই সংক্রমণের ফলে গুরুতর ক্ষত সৃষ্টি হতে পারে এবং চিকিৎসা না করা হলে তা প্রাণঘাতীও হতে পারে। কয়েক দশক আগে একটি সমন্বিত বন্ধ্যা মাছি অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে এই কীটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করা হয়েছিল, কিন্তু দক্ষিণ সীমান্তের কাছাকাছি এখনো বিক্ষিপ্তভাবে এর সংক্রমণ ঘটে।
ইউএসডিএ কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসে এই শনাক্তকরণের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এর বিস্তার রোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খামার মালিকদের পশুর শরীরে ক্ষত আছে কিনা তা পরীক্ষা করতে এবং সংক্রমণের সন্দেহ হলে অবিলম্বে পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইউএসডিএ সচিব ব্রুক রোলিন্স বলেছেন, “মাছিটি আমাদের দেশে প্রবেশ করার মুহূর্তেই আমরা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। যদি অভ্যন্তরীণভাবে এর উপস্থিতি শনাক্ত হয়, তাহলে এই ক্ষতিকর পোকার বিস্তার সীমিত করার জন্য ইউএসডিএ এবং সংশ্লিষ্ট রাজ্যের প্রাণি স্বাস্থ্য কর্মকর্তারা অবিলম্বে কোয়ারেন্টাইন এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।”
ঢাকা/শাহেদ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু