দলে ফিরেই ২০২৭ বিশ্বকাপ খেলার কথা বললেন মোসাদ্দেক
চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুই ওয়ানডের জন্য তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ জুন প্রথম ওয়ানডেতে তার প্রত্যাবর্তনও হয়ে যাবে।
ডানহাতি অফস্পিন অলরাউন্ড ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন। নিজের এই ফেরাটাকে শুধুমাত্র একটি ম্যাচ বা একটি সিরিজে সীমাবদ্ধ রাখতে চান না মোসাদ্দেক। লম্বা সময়ের জন্য খেলতে চান। তার ভাবনায় রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। মোসাদ্দেক বিশ্বাস করেন পারফর্ম করলে আরেকটি বিশ্বকাপ তিনি খেলতে পারবেন।
বৃহস্পতিবার (৪ জুন) মিরপুরে মোসাদ্দেক গণমাধ্যমে বলেন, “সেটা (২০২৭ বিশ্বকাপ) যদি আমার অর্জন করতে হয়, তার আগের যে সিরিজগুলো আছে সেখানে আমার সুযোগ এলে আমাকে ভালো খেলতে হবে, এটা প্রথম। যখন আমি ভালো খেলতে পারব, ওই সময় আমি আশা করতে পারি, ২০২৭ বিশ্বকাপে আমার জন্য একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে।”
মোসাদ্দেক আসা-যাওয়ার ভেতরেই থাকেন। এবারের ফেরারটা একটু লম্বা হলেও কখনো আশা হারাননি তিনি। তার বিশ্বাস ছিল সুযোগ আসবেই। মোসাদ্দেকের ভাষ্য, “অনেকদিন পর, সব মিলিয়ে প্রায় ৪ বছর। অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এবং যেখানেই খেলেছি, ভালো খেলতে হয়েছে। তারপর এই সুযোগের জন্য অপেক্ষা করা এবং অবশেষে সুযোগটা আসা। টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, প্রতিপক্ষের ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়, নির্বাচকদের এখন মনে হয়েছে এটা সঠিক সময়, তারা এখন আমাকে দলে নিতে পারে, তাই নিয়েছে।”
এবার যেই সুযোগটি পেয়েছেন সেটাকে হেলায় হারাতে চান না মোসাদ্দেক। তার স্বপ্নের ক্যানভাসটাকে বড় করে দেখছেন, “ভালো করার পরেই এই সুযোগটা এসেছে। আমি অবশ্যই চাইব যতদিন আমার ক্যারিয়ার থাকবে, ততদিন পর্যন্ত যেন আমি জাতীয় দলের জন্যই খেলতে পারি।”
ঢাকা/ইয়াসিন/সাইফ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু