বিশ্বকাপের অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেলে বাংলাদেশের জেসি
শাথিরা জাকির জেসি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে। টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল দায়িত্ব পালন করতে যাচ্ছে, যা নারী ক্রিকেটের অগ্রগতির বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন চার নারী আম্পায়ার—ক্যান্ডেস লা বোর্ডে, গায়ত্রী ভেনুগোপালন, কেরিন ক্লাস্টে এবং শাথিরা জাকির জেসি।
বাংলাদেশের শাথিরা জাকির জেসির অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
আইসিসি জানিয়েছে, নারী ক্রিকেটে দক্ষ ম্যাচ অফিসিয়ালদের সংখ্যা ও মান দুই-ই বেড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ এবং আগের আইসিসি ইভেন্টগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে।
বিশ্বকাপের এবারের আসরে মোট ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি। এর মধ্যে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়জন অফিসিয়াল আবারো দায়িত্ব পেয়েছেন।
অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক নিজের ষষ্ঠ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি এই টুর্নামেন্টে সর্বোচ্চ ২২টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া জ্যাকুলিন উইলিয়ামস ও কিম কটন পঞ্চমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।
আইসিসির প্রধান নির্বাহী সঙ্গজ গুপ্তা বলেন, “এই প্যানেল আইসিসির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে ক্রিকেটের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে। ম্যাচ অফিসিয়ালদের ধারাবাহিক উন্নতি ও পারফরম্যান্স আমাদের অত্যন্ত আনন্দিত করেছে।”
ঢাকা/ইয়াসিন/সাইফ
সাগরকন্যা কুয়াকাটায় ঈদ আনন্দ, হতাশ ব্যবসায়ীরা