২০ টাকার লোভ দেখিয়ে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত শফিকুল মোল্লাকে (২০) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) রাতে গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্প নগরীর মধুমতি বেকারিতে ঘটনাটি ঘটে।
আটক শফিকুল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় মধুমতি
বেকারির কর্মচারী।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর এক শিশু দাদার বাসায় যাচ্ছিল। বিসিক ব্রিজের ওপর থেকে তাকে ২০ টাকা ও খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয় শফিকুল। তিনি শিশুটিকে মধুমতি বেকারির দোতলায় নিয়ে বলাৎকার করেন। শিশুটি চিৎকার করতে গেলে শফিকুল তার মুখে বালিশ চেপে ধরে নির্যাতন চালান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শফিকুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।
ভুক্তভোগীর মা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে মধুমতি বেকারির মালিক মো. আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফিকুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। ভুক্তভোগী শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/মাসুদ
সাগরকন্যা কুয়াকাটায় ঈদ আনন্দ, হতাশ ব্যবসায়ীরা