ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৩০ মে ২০২৬  
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

শনিবার সকালে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে ঢাকাত্যাগী যাত্রীদের ভিড়

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। কেউ কেউ কর্মব্যস্ততার কারণে ঈদের আগে বাড়িতে যেতে পারেননি, কেউ আবার ঢাকায় কোরবানি শেষ করে এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে রওনা হয়েছেন।

ঈদের তৃতীয় দিন শনিবার (৩০ মে) সকালে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। তাদের হাতে ব্যাগ, কোলে শিশু সন্তান। বাসে উঠতে ব্যস্ততা থাকলেও ঈদের আগের মতো ভিড় নেই। দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারে যাত্রীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।

গোলাপগঞ্জগামী যাত্রী মো. রবিউল ইসলাম বলেন, “একটি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কাজ করি। ঈদের সময় দায়িত্ব থাকায় ছুটি পাইনি। আজ থেকে কয়েক দিনের ছুটি পেয়েছি। তাই, পরিবারের কাছে যাচ্ছি।”

খুলনাগামী যাত্রী মিতু নূর বলেন, “আমরা ঢাকাতেই কোরবানি করেছি। আজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাচ্চাদের নিয়ে কয়েক দিন গ্রামের পরিবেশে কাটাব।”

টার্মিনালে দায়িত্ব পালনরত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঈদের আগে ও ঈদের দিন যাত্রীদের অনেক চাপ ছিল। এখন যাত্রীর চাপ নেই। সিডিউল অনুযায়ী বাস ছেড়ে যাচ্ছে। আগামী এক-দুই দিনের মধ্যে ঢাকায় ফেরার যাত্রীর সংখ্যাও বাড়তে শুরু করবে। অনেকে অগ্রিম টিকেট নিয়ে গেছেন।”

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়