সরাইলে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
শুক্রবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। ওই যুবক মাদক না কিনে ওই টাকা দিয়ে বিস্কুট খান। এতে সজীব মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় তাদের মধ্যে মারামারি শুরু হয়। মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হন এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরো দুই যুবক।
বাকবিতাণ্ডার এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন। দ্রুত সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অন্তত ১৫ জন আহত হন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, “মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ