ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আদ্‌-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩০ মে ২০২৬   আপডেট: ১২:১৮, ৩০ মে ২০২৬
আদ্‌-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তদন্ত কমিটিকে আরো তিন দিন সময় দেওয়া হয়েছে। কারণ, সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেওয়া হবে।”

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আদ্‌-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ ছিল। ওই সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গত ২৬ মে রাতে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক চিকিৎসাধীন ছিল। রাতের দিকে এক মা ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। এর পর প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। পরে ওয়ার্ডে গরম লাগতে শুরু করলে এসি পুনরায় চালু করা হয়। এর কিছুক্ষণ পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নেওয়ার পর আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সকালে একে একে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।

এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়