ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নয়া পল্টনে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩০ মে ২০২৬  
নয়া পল্টনে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ভিড়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক ভিড় জমেছে।

শনিবার (৩০ মে) দুপুর ১টা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তারা বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।”

তিনি বলেন, “জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে নয়া পল্টনে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে।

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়