একসঙ্গে দুই দায়িত্ব পালনের ইঙ্গিত খলিলুর রহমানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে গত মঙ্গলবার (২ জুন) নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি?
তবে একসঙ্গে দুটি দায়িত্বই পালন করার ইঙ্গিত দিয়েছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমি কি এই (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব ছেড়ে দেব? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়ো করবেন না। এর (একসঙ্গে দুই দায়িত্ব পালনের) নজির আছে।”
খলিলুর রহমানের আগে প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৮৬-৮৭ মেয়াদে ইউএনজিএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ। তার উদাহরণ তুলে ধরে খলিলুর রহমান বলেন, “আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি পূর্ণকালীনভাবে দুটি দায়িত্বই পালন করেছিলেন।”
পদত্যাগ না করলেও পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য তিনি যে এক বছরের জন্য ছুটি নিতে পারেন, সে ইঙ্গিত দিয়েছিলেন গত মাসেই। ১৩ মে নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক সংলাপে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হলে তিনি পদত্যাগ করবেন কিনা—এমন প্রশ্নে খলিলুর রহমান বলেছিলেন,“আমি পদত্যাগ করব? না। প্রধানমন্ত্রী (তারেক রহমান) আমাকে খুব স্পষ্টভাবে বলেছেন, পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য তিনি আমাকে এক বছরের ছুটি দেবেন। পদত্যাগই একমাত্র পথ নয়। আমি ছুটি নিতে পারি।”
এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান ৯৯ ভোট আর আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয়ে মঙ্গলবার ভোরে দেশে ফেরার পর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা/এসবি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু