চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় একই দিনে বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে মারা যান তারা। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।
বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক নরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাগি বাজারপাড়ার কাশেম আলীর মেয়ে সাহিদা খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল (১৪), নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমি আরা (৪০) ও নিজামপুর ইউনিয়নের গসাইপুর গ্রামের সাকিউলে ছেলে হাসান আলী (২১)।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, শিবগঞ্জের তিনজনই মারা গেছেন বাড়ি-সংলগ্ন আমবাগানে। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান তারা।
ওই তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানিয়েছেন, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় কিশোর আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমি আরা মারা যান। এ সময় তার স্বামী আব্দুর রাকিব আহত হন। নিজামপুরে আম কুড়াতে গিয়ে হাসান নামের আরেকজন নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বজ্রপাতে মৃতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
ঢাকা/গালিভ/রফিক
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু