বাসচাপায় শিশুর মৃত্যু, দুই ঘণ্টা অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের কালকিনি উপজেলায় ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় আয়শা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুত গতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়।
বাসচাপায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব হবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/বেলাল/রফিক
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক